ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কংগ্রেসের পাঁচজন নেতা প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিচ্ছেন। কংগ্রেস ওই পাঁচজনের নাম চূড়ান্ত করেছে। তবে এ তালিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই পাঁচজন হলেন: সুনীল তিরকে, প্রমথনাথ রায়, আবু নাসের খান, সাবিনা ইয়াসমিন এবং মনোজ চক্রবর্তী। আবু নাসের খান প্রয়াত কংগ্রেস নেতা এ বি এ গনি খান চৌধুরীর ভাই এবং সাবিনা ইয়াসমিন মালদহ জেলা পরিষদের সভাপতি।অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের মন্ত্রী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব তাঁকে মনোনয়ন দেয়নি। কংগ্রেসের পক্ষ থেকে গত সোমবার বিকেলে ওই পাঁচজনের তালিকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। দুই-এক দিনের মধ্যে তাঁরা শপথ নেবেন বলে জানা গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ৪৩ জন মন্ত্রী গত ২০ মে শপথ নেন। এর মধ্যে কংগ্রেসের দুজন নেতা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে দুজনকে পূর্ণ মন্ত্রী এবং পাঁচজনকে প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। কিন্তু কংগ্রেসের অভ্যন্তরীণ মতদ্বৈধতার কারণে এত দিন প্রতিমন্ত্রীর তালিকা চূড়ান্ত করা যায়নি।