পশ্চিমবঙ্গে চোলাই মদ খেয়ে ৪৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগ্রামপুরে বিষাক্ত চোলাই মদ পান করে ৪৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।জানা গেছে, কলকাতা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সংগ্রামপুরে গত মঙ্গলবার রাতে চোলাই মদ পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ে। গতকাল বুধবার ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল, মগরাহাট স্বাস্থ্যকেন্দ্র, বানেশ্বরপুর স্বাস্থ্যকেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়।জানা গেছে, সংগ্রামপুরে চোলাই মদের বেশ কয়েকটি দোকান রয়েছে। সেখানে প্রকাশ্যেই মদ কেনাবেচা হয়। তবে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।রাজ্যের সাবেক মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লার নেতৃত্বে বাম দলগুলোর একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়।ভারতের বস্তি এলাকায় সাধারণত চোলাই মদ বিক্রি হতে দেখা যায়। এর আগে ভারতের পশ্চিমাঞ্চলে চোলাই মদ পান করে ১১২ জনের মৃত্যু হয়েছিল।