পশ্চিমবঙ্গে ছয়টি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি পৌরসভায় গতকাল রোববার ভোটগ্রহণ করা হয়েছে। পৌরসভা ছয়টি হলো: ধূপগুড়ি, দুর্গাপুর, কুপার্সক্যাম্প, হলদিয়া, পাশকুড়া ও নলহাটি। তবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়নি। ছয়টি পৌরসভাতেই কম-বেশি বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এবারের নির্বাচনে বামদল, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস পৃথকভাবে লড়েছে। ফলে এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে বেশি সংঘর্ষের খবর পাওয়া গেছে। হলদিয়া, দুর্গাপুর ও পাশকুড়াতে বেশি সংঘর্ষ হয়েছে। এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া, ভোটার কার্ড কেড়ে নেওয়া, পোলিং এজেন্টকে মারধর করা, দুর্গাপুরে সিপিএম পার্টি অফিস ভাঙচুর, শাসকদলের বাইক বাহিনীর হুমকি, বাড়িতে বাড়িতে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি, ভোটকেন্দ্রে বহিরাগতদের আস্ফাালন ইত্যাদি ঘটনা ঘটেছে। আগামী মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশ করা হবে।এই ছয়টি পৌরসভার মধ্যে তিনটিতে ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট, দুটিতে জাতীয় কংগ্রেস ও একটিতে তৃণমূল কংগ্রেস।