পশ্চিমবঙ্গে টাটার বিরুদ্ধে ফের বিক্ষোভ
ভারতের টাটা শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু করেছেন কলকাতার রাজারহাটের কৃষকেরা। রাজারহাটের নিউটাউনে টাটার জন্য অধিগৃহীত জমি ফেরত পেতে এ বিক্ষোভ করছেন তাঁরা।
এর আগে পশ্চিমবঙ্গের সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি ফেরত পেতে আন্দোলন শুরু করেছিলেন স্থানীয় কৃষকেরা।
২০০৮ সালে নিউটাউন এলাকায় তত্কালীন বামফ্রন্ট সরকার টাটার আবাসন নির্মাণের জন্য ২৩ একর জমি অধিগ্রহণ করে। সে সময় জমি অধিগ্রহণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। মমতা সেখানে গিয়ে জমি কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। কিন্তু সম্প্রতি মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকারের অনুমতিতে ওই জমিতে টাটা আবাসন তৈরির জন্য দেয়াল তৈরির কাজ শুরু করে। এতে জমি দিতে অনিচ্ছুক কৃষকেরা ক্ষুব্ধ হয়ে আবার আন্দোলন শুরু করেন। তাঁরা কিছুতেই ওই জমি টাটার হাতে দেবেন না বলে জানান। আজ বৃহস্পতিবারও রাজারহাটে সমবেত হয়ে টাটার বিরুদ্ধে স্লোগান দেন কৃষকেরা। তাঁরা মমতার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ তোলেন।