পশ্চিমবঙ্গে ট্রেনে হত্যা করা চারজনের লাশ আসামে দাফন
ভারতে চলন্ত ট্রেনে হত্যা করে ফেলে দেওয়া চার মুসলিম ব্যক্তির লাশ আসাম রাজ্যের হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে দাফন করা হয়েছে। পুলিশ জানায়, ওই চার ব্যক্তির লাশ গুয়াহাটি থেকে পৌঁছানোর পর গতকাল বুধবার দুপুরের মধ্যেই জানাজা ও দাফন করা হয়।দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু থেকে বিশেষ ট্রেনে চড়ে আসামে ফেরার পথে পশ্চিমবঙ্গ রাজ্য এলাকায় গত শনিবার গভীর রাতে ১৪ জন মুসলিম যাত্রীর ওপর হামলা হয়। এ সময় চারজনকে হত্যা করে এবং আরও কয়েকজনকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। ওই ঘটনার পর একজন যুবক এখনো নিখোঁজ রয়েছে।হাইলাকান্দির পুলিশ সুপার ব্রজেনজিত্ সিংহ বলেন, আহত পাঁচজনকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।আসামের বোড়ো ও বাংলাভাষীদের মধ্যে সহিংসতার পরিপ্রেক্ষিতে শনিবারের ওই ঘটনা ঘটেছে। আসামে দাঙ্গার পর ভারতের অন্যান্য রাজ্যে বসবাসকারী আসামের লোকজনের ওপরও হামলা হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর বেঙ্গালুরু থেকে আসামগামী একটি ট্রেনের চার যাত্রীকে শনিবার হত্যা করে ফেলে দেওয়া হয়। তাদের বাড়ি হাইলাকান্দি এলাকায়। হত্যাকাণ্ডের সময় ট্রেনটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে যাচ্ছিল। বিবিসি।