পশ্চিমবঙ্গে তিন মাসে ২১ জন কৃষকের আত্মহত্যা
ভারতের পশ্চিমবঙ্গে গত তিন মাসে ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এসব কৃষক আত্মহত্যা করেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়। গত ১২ অক্টোবর বর্ধমানে আত্মহত্যার প্রথম ঘটনা ঘটে। একই জেলায় সর্বশেষ ১৫ জানুয়ারি আত্মহত্যার ঘটনা ঘটে। সিপিএম এরই মধ্যে আত্মাহুতি দেওয়া ২১ জন কৃষকের পরিচয় প্রকাশ করেছে। সিপিএমের বিবৃতিতে জানানো হয়, ২১ জন কৃষকের মধ্যে ১৫ জনের বাড়ি বর্ধমান জেলায়। বাকি কৃষকদের মধ্যে দুজনের বাড়ি বাঁকুরা, তিনজনের মালদহ ও একজনের জলপাইগুড়িতে। ধান, চাল, পাট, আলুসহ উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়াই কৃষকদের আত্মহত্যার মূল কারণ বলে উল্লেখ করা হয়। সরকারও ঘোষিত সংগ্রহমূল্যে পর্যাপ্ত ধান-চাল কেনেনি। ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকেরা যে ঋণ নিয়েছিলেন, তা পরিশোধ করতে না পেরে কয়েকজন কৃষক আত্মহত্যা করেন।মমতার মন্ত্রিসভা সম্প্রসারণ: পশ্চিম-বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভার সদস্য দুজন বাড়িয়েছেন। ক্ষমতা নেওয়ার আট মাসের মধ্যে গতকাল এই প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন দুই মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। গতকাল নবনিযুক্ত দুই মন্ত্রী রাজভবনে রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে শপথবাক্য পাঠ করেন। অরূপ বিশ্বাসকে যুবকল্যাণ ও চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে এখন রাজ্য মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে।