পশ্চিমবঙ্গে তৃণমূলের তাণ্ডব, সিপিএম নেতাদের মারধর
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার রাতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সিপিএমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ সময় সিপিএমের সাবেক মন্ত্রী ও অনেক নেতা-কর্মীকে মারধর করা হয়।দিল্লিতে ওই দিন বিকেলে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র সিপিএম ও এর ছাত্রসংগঠন এসএফআইয়ের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হলে এর জেরে তৃণমূল এ তাণ্ডব চালায়।মঙ্গলবার পরিকল্পনা কমিশনের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়সহ আরও কয়েকজন মন্ত্রী দিল্লিতে যান। বিকেলে কমিশন দপ্তরে প্রবেশের সময় সিপিএম ও এসএফআইয়ের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তাঁরা আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে তাঁদের হাতে লাঞ্ছিত হন অমিত মিত্র। এ খবর পৌঁছার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূল নেতা-কর্মীরা কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় সিপিএম কার্যালয়ে ভাঙচুর চালান। অনেক কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। লাঞ্ছিত করেন সিপিএমের বহু নেতা-কর্মীকে। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়।