পশ্চিমবঙ্গে নির্বাচন অধিকর্তার অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন অধিকর্তা সুনীল গুপ্তা ও দিল্লির নির্বাচন কমিশনের নিয়োগ করা রাজ্যের বিশেষ নির্বাচন পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের অপসারণ দাবি করেছে রাজ্য বামফ্রন্ট।

বামফ্রন্টের অভিযোগ, লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় দফার ভোট চলাকালে গত বুধবার পশ্চিমবঙ্গের নয়টি আসনে তৃণমূল কংগ্রেস দল হাঙ্গামা, বুথ দখল ও সন্ত্রাস চালায় বলে অভিযোগ করেছে বামফ্রন্ট।

বামফ্রন্ট অভিযোগ তুলেছে, রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করেছে। তৃতীয় দফার নির্বাচনে অনেক কেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়নি।
লোকসভা নির্বাচনে চতুর্থ ও পঞ্চম দফার ভোট নেওয়া হবে ৭ ও ১২ মে। এসব নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি জানিয়েছে বামফ্রন্ট। এই দাবি নিয়ে গতকাল বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে ।

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে রাজ্য নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তৃতীয় দফার ভোট শেষ হওয়ার আগে কীভাবে বিশেষ নির্বাচন পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ ঘোষণা দেন—নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? তিনি অভিযোগ করেন, শাসক দলের স্বার্থ রক্ষায় তৃতীয় দফার ভোট নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন।