পশ্চিমবঙ্গে নেতা ও দালালদের টাকা না দিতে নির্দেশ মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের জন্য জমি কিনতে কোনো নেতা বা দালালকে টাকা না দেওয়ার জন্য শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার বালিগঞ্জ পার্কে আয়োজিত বিজয়ার প্রীতি সম্মেলনে তিনি এ আহ্বান জানান। পশ্চিমবঙ্গে শিল্পপতিদের বিনিয়োগ বাড়ানোর জন্য মূলত এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কলকাতার শিল্পপতিরা, মমতার দলের সাংসদ, বিধায়ক ও রাজ্য মন্ত্রিসভার সদস্যসহ বিদেশি দূতাবাসের কূটনীতিকেরাও যোগ দেন। সম্মেলনে মমতা শিল্পপতিদের বলেন, ‘আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন। সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করবে। কিন্তু নেতা বা দালালদের শিল্প গড়ার জন্য কোনো টাকা-পয়সা দেবেন না।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর দেড় বছর কেটে গেলেও সেভাবে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়নি বা শিল্পপতিরাও এগিয়ে আসেননি। এর কারণ মমতার জমিনীতি। সাবেক সরকার শিল্পপতিদের নিজস্ব উদ্যোগে শিল্প গড়ার জন্য জমি দিলেও মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই সিদ্ধান্ত পাল্টে দেন। মমতা ঘোষণা দেন, শিল্পের জন্য জমি জমির মালিকদের কাছ থেকে শিল্পপতিদেরই কিনতে হবে। এরপরই বেড়ে যায় নেতা-কর্মীদের দালালি। শিল্পপতিরাও মমতার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।