পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার দাবি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও সাফল্য পেতে ওই নির্বাচন এগিয়ে আনার দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল পর্যায়ের নেতারা পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার দাবি তুলেছেন মমতার কাছে। তাঁদের যুক্তি, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জোট রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত এখনো নিয়ন্ত্রণ করে বামফ্রন্ট। ফলে ভবিষ্যতে গ্রামীণ উন্নয়নকে ঘিরে অচলাবস্থা দেখা দিতে পারে। তাই তাঁরা যত দ্রুত সম্ভব পঞ্চায়েত নির্বাচনের দাবি তোলেন। এই নেতাদের মতে, এখন পঞ্চায়েত নির্বাচন হলে পঞ্চায়েতেও ক্ষমতায় আসবে কংগ্রেস-তৃণমূল জোট। এতে রাজ্যের গ্রামীণ উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।২০০৮ সালে সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূল বেশ কিছু আসন পেলেও বেশির ভাগ আসন বামফ্রন্টের দখলে চলে যায়। ২০১৩ সালে পরবর্তী পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত-ব্যবস্থা ত্রিস্তরীয়। অর্থাৎ গ্রামে গ্রাম পঞ্চায়েত, থানা পর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ে জেলা পরিষদ। পশ্চিমবঙ্গে রয়েছে গ্রাম পঞ্চায়েতের ৪১ হাজার ৫০৪টি আসন, পঞ্চায়েত সমিতির আট হাজার ৮০০টি আসন এবং জেলা পরিষদের ৭৪৮টি আসন।গত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ২০ হাজার ৬০১টি আসন পেয়েছিল বামফ্রন্টের চার শরিক সিপিআই, সিপিএম, ফরোয়ার্ড ব্লক ও আরএসপি। তৃণমূল কংগ্রেস পেয়েছিল নয় হাজার ৩৭৫টি এবং কংগ্রেস পেয়েছিল ছয় হাজার ৮৩৭টি আসন। পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্ট পেয়েছিল চার হাজার ৮৮২টি আসন, তৃণমূল দুই হাজার ১৮টি এবং কংগ্রেস পেয়েছিল এক হাজার ৪৪৬টি আসন। জেলা পরিষদে বামফ্রন্ট পেয়েছিল ৫১৪টি, তৃণমূল ১২০টি এবং কংগ্রেস পেয়েছিল ৯৯টি আসন।