পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার প্রস্তুতি
দলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মমতা চাইছেন দলের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনতে; একই সঙ্গে পঞ্চায়েত থেকে সিপিএমকে বিদায় করতে। কারণ, এখনো অধিকাংশ পঞ্চায়েত সিপিএম বা বামফ্রন্টের দখলে। ফলে তৃণমূল পর্যায়ে কাজ করতে বেগ পাচ্ছে সরকার। এ কারণেই সরকার চাইছে এ বছরের ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত নির্বাচন সেরে নিতে। ইতিমধ্যে এ লক্ষ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর কাজ শুরু করেছে। গত মঙ্গলবার রাজ্য সচিবালয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, রাজ্য নির্বাচন দপ্তর শারদোৎসবের পর পঞ্চায়েত নির্বাচন করতে চাইলে রাজ্য সরকার তাতে রাজি থাকবে। তিনি এ কথাও বলেছেন, ভোটসংক্রান্ত প্রশাসনিক কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাঁর দপ্তর। এর আগে গত ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আহ্বানে অনুষ্ঠিত পঞ্চায়েত রাজ সম্মেলনে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নির্দিষ্ট সময়ের আগে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার কথা বলেছিলেন।