পশ্চিমবঙ্গে গতকাল সোমবার পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে সরকারি দলের সন্ত্রাস, বোমাবাজি, বুথ দখল, জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনী সহিংসতায় আটজনের মৃত্যু হয়েছে।গতকাল মুর্শিদাবাদ, মালদহ, নদীয়া এবং বীরভূম জেলায় ভোট হয়। এর মধ্যে বীরভূমের ময়ুরেশ্বরে সিপিএমের তিন কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমায় কংগ্রেসের সমর্থক এক নারী, মুর্শিদাবাদের রানীনগরে সিপিএমের দুজন সমর্থক, নদীয়ার মায়াপুরে সিপিএমের এক সমর্থক এবং মালদহের রতুয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন মারা গেছেন।চতুর্থ দফার নির্বাচনে চারটি জেলায় বেশ কয়েকটি বুথ দখল করে একতরফা ভোট দিয়েছে সরকারি তৃণমূল কংগ্রেস দলের সমর্থকেরা। অনেক কেন্দ্র থেকে বিরোধী দলের এজেন্টদের বের করে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।পাঁচ দফা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হবে ২৫ জুলাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচন হয়েছে যথাক্রমে ১১, ১৫, ১৯ ও ২২ জুলাই।