পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোট ইউপিএর প্রধান শরিক কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, ‘আগামী চার-পাঁচ মাসের মধ্যে পশ্চিম বঙ্গে পরিবর্তন আসছে। ভারতে একদলীয় শাসন চলবে না, এমন নেতৃত্বে আমি বিশ্বাসী নই। কংগ্রেসের জন্য সামনে অপেক্ষা করছে সুদিন।’ গতকাল সোমবার বেলা আড়াইটায় কলকাতার শহীদ মিনার ময়দানে কংগ্রেস আয়োজিত এক বিরাট জনসভায় তিনি এ কথা বলেন। এটিই ছিল রাহুল গান্ধীর কলকাতা শহরে প্রথম জনসভা। রাহুল গান্ধী বলেন, ‘আমাদের দুটো ভারত আছে। একটি বড় লোকের ভারত আর অন্যটি গরিবের। ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও আছে দুটি বাংলা। একটি সিপিআইএমের বাংলা আর অন্যটি গরিবদের বাংলা। এই বাংলায় গরিবদের বিপিএল কার্ড নেই। আছে সিপিআইএমের লোকদের বিপিএল কার্ড। কেন্দ্র পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য টাকা দেয়, আর সিপিএম তা আত্মসাৎ করে। রাহুল গান্ধী সিপিএমকে এক হাত নিয়ে বলেন, খোদ চীনেও বাংলার কমিউনিস্টদের নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়ার মতো অবস্থা হবে বাংলার। রাহুল গান্ধী বলেন, পশ্চিমবঙ্গেও কমিউনিজম শেষ হবে; যেমনটা শেষ হয়েছে অন্যান্য দেশে।রাহুল গান্ধী অবশ্য তৃণমূল কংগ্রেস নিয়ে একটি কথাও বলেননি। কংগ্রেস তার জনসভায় তৃণমূলের কোনো নেতাকে আমন্ত্রণও জানায়নি। তবে রাহুল গান্ধী যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজনীতিকে চাঙ্গা করতে এসেছেন, তা তাঁর ভাষণে স্পষ্ট হয়েছে। তিনি বলেন, যুবকদের রাজনীতিতে আরও বেশি করে আসতে হবে। যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, দলের মধ্যে কোনো স্বজন পোষণ বা গোষ্ঠী দ্বন্দ্ব চলবে না। সভায় ভাষণ দেওয়ার পর হঠাৎ তিনি পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে চলে আসেন সাধারণ মানুষের কাছে। হাত মেলান তাদের সঙ্গে। এরপর তিনি কলকাতার রাজভবনের দিকে রওনা হন। এই জনসভায় আরও বক্তব্য দেন কংগ্রেস নেতা এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।