পশ্চিমবঙ্গে পুলিশের মারধরে আহত প্রথম আলোর ফটোসাংবাদিক
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে মার খেলেন ফটোসাংবাদিকেরা। এ ঘটনায় আহত হয়েছেন প্রথম আলোর ফটোসাংবাদিক ভাস্কর মুখার্জি। তাঁর মাথায় আঘাত লেগেছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিত্সা নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বিকেলে নবান্নে প্রশাসনিক ক্যালেন্ডার অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী এবং গভর্নর। তখন ছবি তোলার জন্য এগিয়ে যান ফটোসাংবাদিকেরা। সে সময় হাওড়ার অতিরিক্ত ডেপুটি কমিশনার তন্ময় রায় ও রাকেশ সিংয়ের নেতৃত্বে সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন পুলিশ-কর্মীরা। ঘটনার পরই রাজ্যপালের কাছে সাংবাদিকেরা অভিযোগ জানান।
এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ও ফটোসাংবাদিকদের সংগঠনগুলো। রাজ্যের গভর্নর এম কে নারায়ণন এই ঘটনা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ফটোসাংবাদিকদের অভিযোগ, হাওড়ার পুলিশ কমিশনার অজয় রানাডের সামনেই তাঁদের মারধর করা হয়। ঘটনায় অভিযুক্ত হাওড়ার ডেপুটি কমিশনার তন্ময় রায় ও রাকেশ সিংয়ের বিরুদ্ধে ফটোসাংবাদিকদের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে।