পশ্চিমবঙ্গে ফ্লাই অ্যাশবোঝাই বাংলাদেশি বার্জডুবি

সিমেন্ট কারখানার জন্য পশ্চিমবঙ্গের বজবজের তাপবিদ্যুৎকেন্দ্রের ফ্লাই অ্যাশ বা ছাই বাংলাদেশে নিয়ে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার সকালে ডুবে গেছে একটি বার্জ। দক্ষিণ ২৪ পরগনার কুকড়াহাটির কাছে হরিবল্লভপুরে হলদি ও হুগলী নদীর মোহনায় থাকা বয়ার সঙ্গে আঘাত লেগে বার্জটি ডুবে যায়। নদীতে থাকা মৎস্যজীবী ও পুলিশ বার্জের পাইলটসহ ১১ নাবিককে উদ্ধার করেছে। এ নিয়ে গত দুই বছরে বাংলাদেশে যাওয়ার পথে ছয়টি বার্জ ডোবার ঘটনা ঘটল।
বার্জের পাইলট মলয় বাগ বলেছেন, বার্জের চেন কেটে যাওয়ায় প্রথম বিপত্তি দেখা দেয়। পরে লোহার বয়ায় ইঞ্জিন কেবিনের সঙ্গে ধাক্কা লাগে। বার্জটি ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। এতে বন্ধ হয়ে যায় ইঞ্জিন। মাঝনদীতেই ডুবে যায় বার্জটি।
কলকাতা বন্দরের মেরিন বিভাগের কর্মকর্তা জে জে বিশ্বাস বলেছেন, ডুবে যাওয়া বার্জটি দ্রুত দুর্ঘটনাস্থল থেকে সরানোর ব্যবস্থা হচ্ছে। বার্জটি ডুবে যাওয়ায় এ মুহূর্তে জাহাজ চলাচলে অসুবিধা হবে না। তবে দ্রুত না সরালে মৎস্যজীবীদের নৌকাগুলো সমস্যায় পড়তে পারে। এ নদীতেই ইলিশের ঝাঁক আসে সমুদ্র থেকে। প্রচুর মাছও ধরা পড়ে জেলেদের জালে। ইলিশ রক্ষার দ্রুত বার্জটি সরানো হবে।
পৃথক আরেকটি ঘটনায় পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৈপীঠ কোস্টাল থানার পুলিশ সুন্দরবনের ঢুলিভাসানী জঙ্গল থেকে একটি ট্রলার উদ্ধার করেছে। ট্রলারটি বাংলাদেশের বলে মনে করছে পুলিশ। পুলিশ ট্রলারের কোনো যাত্রী খুঁজে পায়নি।