পশ্চিমবঙ্গে বন্ধ রুখতে আইন প্রণয়ন করতে চান মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে হরতাল, বন্ধ, অবরোধ ইত্যাদি রুখতে নতুন করে আইন প্রণয়ন করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে চা-শ্রমিকদের বন্ধ ডাকা নিয়ে প্রশ্নের জবাবে গত শুক্রবার রাজ্য সচিবালয় মহাকরণে সাংবাদিকদের কাছে তিনি তাঁর এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন।মমতা বলেন, এই রাজ্যে বন্ধ, অবরোধ বন্ধ করতে প্রয়োজনে নতুন আইন করা হবে। তিনি বলেন, বন্ধ-অবরোধ করে মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না। তাই এই বন্ধ বা অবরোধ করতে দেব না। আমরাও করব না। মমতার এই ঘোষণা দেওয়ার পর বামফ্রন্ট, কংগ্রেস, এসইউসিআই এবং বিজেপি তীব্র প্রতিবাদ করে। বামফ্রন্ট বলেছে, বন্ধ আহ্বান করা মানুষের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী মালিক শ্রেণীকে খুশি করার চেষ্টা করছেন। এ রাজ্যে তো এই বন্ধ ও অবরোধের রাজনীতি মমতা কম করেননি। তখন তো বলেননি এটা বন্ধের কথা। কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বড় ইস্যুতে কংগ্রেস বন্ধ ডাকা থেকে বিরত থাকবে না। এসইউসিআই বলেছে, বন্ধ আন্দোলনের হাতিয়ার। জনস্বার্থবিরোধী কোনো কাজ হলে বন্ধ ডাকতেই হবে।বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন তখন তাঁর এসব কথা বলা উচিত ছিল। কেন তখন তিনি এই বন্ধ-অবরোধ নিষিদ্ধের জন্য আইন প্রণয়নের কথা বলেননি? এখন আমরা বন্ধ নিষিদ্ধ হতে দেব না।