পশ্চিমবঙ্গে বাংলাদেশি বন্দীদের জন্য আলাদা জেল ব্যারাক
পশ্চিমবঙ্গের ৫৭টি কারাগারে সাজাপ্রাপ্ত, খালাস হওয়া এবং বিচারাধীন অবস্থায় প্রায় চার হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন। এই বাংলাদেশি বন্দীদের পৃথকভাবে রাখার জন্য রাজ্যের সাতটি কারাগারে এবার আলাদা ব্যারাক তৈরির উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গের কারামন্ত্রী হায়দর আজিজ সফি আজ রোববার দুপুরে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাংলাদেশের সীমান্তবর্তী পাঁচটি জেলা এবং কলকাতার দুটিসহ মোট সাতটি কারাগারে পৃথক ব্যারাক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যারাকগুলো হবে যথাক্রমে কোচবিহার, জলপাইগুড়ি, বহরমপুর, বসিরহাট, বারাসাত এবং দমদম ও আলিপুর কেন্দ্রীয় কারাগারে। তিনি আরও বলেছেন, এই ব্যারাক নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ৫৭টি কারাগারে ২০ হাজার ৫৮৫ জন বন্দী থাকার ব্যবস্থা থাকলেও এখন সেখানে থাকছেন ২৭ হাজার ১২ জন। চাকরির লোভ ও দালালদের খপ্পরে পড়ে এসব বন্দী অবৈধভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত পার হয়ে পুলিশ অথবা বিএসএফের হাতে ধরা পড়ে ঠাঁই পেয়েছেন বিভিন্ন কারাগারে।