পশ্চিমবঙ্গে বামফ্রন্টের গ্রহণযোগ্যতা বেড়েছে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি জরিপে রাজ্য বিধানসভার নির্বাচনে আবারও বামফ্রন্টের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা তৃণমূলের চেয়ে বেশি বলে দেখা গেছে। বাংলা দৈনিক এই সময় ও ইপসোসের চালানো যৌথ জনমত সমীক্ষায় রাজনীতি নিয়ে কলকাতাবাসীর এই মনোভাব ফুটে ওঠে। কলকাতার এক হাজার তরুণ-তরুণীর ওপর চালানো এই জরিপের প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি গতকাল সোমবার এই সময় পত্রিকায় প্রকাশ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার দেড় বছর পর কলকাতার মানুষ কী ভাবছেন, বাম দলের অবস্থা কী, বামফ্রন্টের আবার ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু—এসব প্রশ্ন নিয়ে জরিপটি চালানো হয়।জরিপে ২০১৬ সালে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতায় আসবে কি না, এই প্রশ্নের জবাবে ৫০ শতাংশ মানুষ বলেছেন ‘হ্যাঁ’ আর ২৯ শতাংশ বলেছেন ‘না’। পরবর্তী লোকসভা নির্বাচনে মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে নেতিবাচক মত প্রকাশ করেছেন ৬৯ শতাংশ এবং ইতিবাচক মত দিয়েছেন ২৪ শতাংশ মানুষ।একই সঙ্গে সিপিএমের নাম পরিবর্তন করা উচিত কি না, তার জবাবে ৬৭ শতাংশ বলেছেন ‘না’। ‘হ্যাঁ’ বলেছেন ১৮ শতাংশ। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর শিরোপা কার পাওয়া উচিত, এই প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ মানুষ বলেছেন জ্যোতি বসুর নাম। ৩০ শতাংশ বলেছেন মমতা, ১৫ শতাংশ বুদ্ধদেব ভট্টাচার্য আর ১১ শতাংশ মানুষ বলেছেন সিদ্ধার্থ শংকর রায়ের নাম।কেন্দ্রীয় সরকারের ওপর থেকে মমতা সমর্থন প্রত্যাহার করে ভুল করেছেন বলে মনে করেন ৪৬ শতাংশ, আর এটা সঠিক সিদ্ধান্ত বলেই মত প্রকাশ করেছেন ৪৩ শতাংশ মানুষ।