পশ্চিমবঙ্গে ভুঁইফোড় আর্থিক সংস্থা রোধে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ঘটনার পর এবার পশ্চিমবঙ্গজুড়ে ভুঁইফোড় বেআইনি আর্থিক সংস্থার কার্যক্রম রোধে কড়া ব্যবস্থা নিতে যাচ্ছে রাজ্য সরকার। সরকার গতকাল মঙ্গলবার বিধানসভায় নতুন একটি বিল উত্থাপন করে। বিধানসভায় বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও আলোচনার পর বিলটি পাস হয়েছে।বিধানসভায় বিলটি পেশ করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। এর আগে ২০০৯ সালে এ-সংক্রান্ত একটি বিল বিধানসভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল। পরে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য দিল্লিতে পাঠানো হয়েছিল। সেই বিল গতকাল প্রত্যাহার করে বিধানসভায় নতুন বিল পেশ করা হয়। এই বিলের শিরনাম হচ্ছে, ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অব ইন্টারেস্ট অব ডিপোজিটস ইন ফিন্যান্সিয়াল এস্টাবলিস্টমেন্টস-২০১৩’।বিলটিতে ভুঁইফোড় আর্থিক সংস্থা এবং সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিধানসভায় বিলটি গতকাল উত্থাপনের পর এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিলটির বিরোধিতা করে বিরোধী দল। তবে বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত বিলটি পাস হয়।এদিকে সারদাকাণ্ডের তদন্তের দায়িত্ব ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ওপর ন্যস্ত করার দাবিতে পৃথক চারটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতার হাইকোর্টে। পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের আইনজীবী সেল গতকাল এ-সংক্রান্ত একটি মামলা দায়ের করে। সেলের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী নরেন্দ্র প্রসাদ গুপ্তা।