মাওবাদী হামলার আশঙ্কায় পশ্চিমবঙ্গে মাওবাদী প্রভাবিত এলাকার মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ সরকারি ও বিরোধীদলীয় নেতাদের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি ছত্তিশগড়ের বস্তার জেলায় মাওবাদী হামলায় কংগ্রেসের বেশ কজন নেতা-কর্মী নিহত হন। এর পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং সরকারি ও বিরোধীদলীয় শীর্ষস্থানীয় নেতাদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে।
ইতিমধ্যে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমাঞ্চলের জেলা প্রশাসনকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, মাওবাদী প্রভাবিত পশ্চিম মেদিনীপুর, বাঁকুরা, পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলার সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।
এর আগে রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটককে হুমকি দিয়ে চিঠি দিয়েছে মাওবাদীরা।