পশ্চিমবঙ্গে মন্ত্রীকে মারধর করে আটকে রাখল জনতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাণীসম্পদমন্ত্রী নুরে আলম চৌধুরী বীরভূমের রামপুরহাট এলাকায় উত্তেজিত জনতার হামলায় আহত হয়েছেন। আজ রোববার রামপুরহাটের একটি কলেজের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রীকে মারধর করে জনতা কলেজের ভেতরে আটকে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত জনতা মন্ত্রীকে আটকে রেখেছে।
বীরভূমের পুলিশ সুপার সি সুধাকার বলেন, আহত মন্ত্রীকে হাসপাতালে নেওয়া যায়নি। কারণ জনতা কলেজের পুরো ক্যাম্পাসটিকে ঘিরে রেখেছে। সন্ধ্যায় তিনি পিটিআইকে বলেন, ‘মন্ত্রী নুরে আলম চৌধুরী এখনো কলেজের ভেতরেই আছেন। কলেজে ঢোকার রাস্তাসহ সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। বিক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনা চলছে।’
মন্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য রামপুরহাট হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হলেও তা কলেজে ঢুকতে পারেনি বলেও জানান পুলিশ সুপার।
ঘটনার সূত্রপাত একটি মসজিদ ভাঙার খবরকে কেন্দ্র করে। কয়েক বছর আগে রামপুরাহাট এলাকার দোখালবাতিতে মহিলা কলেজের পাশে একটি ট্রাস্টের জায়গায় মসজিদ নির্মাণের অভিযোগ ওঠে। ওই ট্রাস্টের প্রধান হচ্ছেন মন্ত্রী নুরে আলম চৌধুরী নিজেই। মসজিদটি ভেঙে ফেলা হবে বলে সম্প্রতি খবর ছড়ালে লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে।
আজ সকালে মন্ত্রী কলেজের একটি অনুষ্ঠানে যান। এ সময় জনতা কলেজের বাইরে বিক্ষোভ করছিল। মাইকে যখনই ঘোষণা করা হয়, কলেজ কর্তৃপক্ষ মসজিদ ভেঙে ফেলার কাজ শুরু করেছে, ঠিক তখনই মন্ত্রীর ওপর হামলা চালায় জনতা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।