পশ্চিমবঙ্গে মর্যাদার সঙ্গে মাতৃভাষা দিবস পালিত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ নানা প্রান্তে গতকাল শুক্রবার মর্যাদার সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিটি অনুষ্ঠানে শোনা যায়, ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশপ্রিয় পার্কের ভাষাস্মারক স্তম্ভ চত্বরে। বিকেলে অনুষ্ঠান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহিত্যিক মহাশ্বেতা দেবী, কবি জয় গোস্বামী, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
সকালে শহরের সোহরাওয়ার্দী অ্যাভিনিউ থেকে প্রভাতফেরি বের করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডেপুটি হাইকমিশনে এসে সেটি শেষ হয়। পরে সেখানে স্থাপিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা। বিকেলে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
গত বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবি জানিয়েছে ভাষা ও চেতনা সমিতি। সেখানকার অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক গোষ্ঠীও যোগ দেয়। গতকালও সারা দিন সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়।
গতকাল সকালে কলকাতার কার্জন পার্কে ভাষা উদ্যানে শহীদস্মারকে ফুল ও মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়সহ বিশিষ্ট নাগরিকেরা। ভাষাস্মারক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ভাষাশহীদ আবুল বরকতের জন্মস্থান মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে তিন দিনব্যাপী বরকত মেলা শুরু হয়েছে। গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয় বরকত যে স্কুলে লেখাপড়া করেছিলেন, সেই স্কুলে।
শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পাঠরত বাংলাদেশি ছাত্রছাত্রীরাও নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছেন মাতৃভাষা দিবস। সকালে প্রভাতফেরি বের করেন বিশ্বভারতীর বাংলাদেশি শিক্ষার্থীরা। পরে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা।
উত্তর চব্বিশ পরগোনার বসিরহাট টাউন হল থেকে একুশের প্রথম প্রহরে মোমবাতি নিয়ে প্রভাতফেরি বের করেন স্থানীয় লেখক, শিল্পী, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা।