পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগনা জেলার সংগ্রামপুরে বিষাক্ত চোলাই মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। চোলাই মদ বিক্রি ও তৈরির সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশপরগনা জেলার হাসপাতালগুলো চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে পরা রোগীদের ভিড়ে উপচে পড়ছে। তাঁদের অধিকাংশই শ্রমিক ও রিকশাচালক। সংগ্রামপুর গ্রামে গত মঙ্গলবার রাতে চোলাই মদ পান করে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। জেলার ম্যাজিস্ট্রেট নারায়ণ স্বরূপ গতকাল টেলিফোনে জানান, মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জন হয়েছে। হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে অন্তত ২০ জনের পাকস্থলিতে চিকিৎসকেরা মিথানল পেয়েছেন। চোলাই মদ তৈরিতে এ উপাদানটি ব্যবহার করা হয়। এদিকে স্থানীয় ডায়মন্ড হারবার হাসপাতালের পরিদর্শক চিরঞ্জীব মারমু বলেন, ‘হাসপাতালে মৃত ২০ জনের ভিসেরা প্রতিবেদনে মিথানল পাওয়া গেলেও এটিই তাঁদের মৃত্যুর চূড়ান্ত কারণ নাও হতে পারে। আমরা এত বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখছি।’এদিকে মৃত্যুর ঘটনায় জড়িত থাকার দায়ে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত বুধবার তিনি কলকাতার একটি স্থানীয় টেলিভিশন ভাষণে বলেন, এ ধরনের অবৈধ চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য বিধানসভায় এই মৃত্যু নিয়ে গতকাল ব্যাপক শোরগোল হয়েছে। বিরোধী বামরা প্রশাসনের উপর ব্যর্থতার দায় চাপিয়েছেন। অন্যদিকে শাসক দল এর জন্য বাম শাসনকেই দায়ী করেছেন। সরকারের আবগারি নীতির সুযোগ নিয়েই যে বেআইনি চোলাই মদের ঠেক বেড়ে চলেছে এই অভিযোগ করেছেন অনেকে। চোলাই মদের পুরো ব্যবসাটাই বেআইনি হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেছেন অনেক মানুষই। পুলিশের সঙ্গে চোলাই মদের কারবারীদের আঁঁতাতের অভিযোগও উঠেছে।