বিগত চার দশকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনো দ্বিমুখী আবার কখনো ত্রিমুখী লড়াই হয়েছে। এবার পরিস্থিতি ভিন্ন। এবার নির্বাচনে চতুর্মুখী লড়াই হতে পারে বলে বিশ্লেষকেরা অনুমান করছেন।
১৯৯৮ সালের ১ জানুয়ারি জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর লোকসভা বা রাজ্য বিধানসভার সব নির্বাচন হয়েছে ত্রিমুখী। এবার তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির মধ্যে চতুর্মুখী লড়াইয়ের আভাস মিলছে। তৃণমূল কংগ্রেস গঠনের পর বরাবরই তৃণমূল কংগ্রেস কখনো বিজেপির সঙ্গে, আবার কখনো জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে নেমেছে।
এ বছর অবশ্য বিজেপি বা জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস জোট করছে না। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, ৪৫ বছর পর আগামী এপ্রিম-মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম চতুর্মুখী লড়াই হচ্ছে।
তৃণমূল কংগ্রেস গঠনের পর ১৯৯৮ সালে লোকসভার অন্তর্বর্তী নির্বাচন হয়েছে বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস ও তৃণমূল-বিজেপি জোটের মধ্যে। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস ও তৃণমূল-বিজেপি জোটের মধ্যে লড়াই হয় ত্রিমুখী। ২০০১ সালের রাজ্য বিধানসভার নির্বাচনে লড়াই হয় ত্রিমুখী। বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস-তৃণমূল জোটের মধ্যে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই হয় বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস এবং তৃণমূল-বিজেপি জোটের মধ্যে। ২০০৬ সালের রাজ্য বিধানসভার নির্বাচনে বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস এবং তৃণমূল-বিজেপি জোটের মধ্যে লড়াই হয়। ২০০৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনও হয় ত্রিমুখী। ২০১১ সালেও বিধানসভার নির্বাচনও ছিল ত্রিমুখী।