পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবার হাল ফেরাতে কাজ শুরু মুখ্যমন্ত্রী মমতার
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে রাজ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যসেবার হাল ফেরাবেন। সেই লক্ষ্যে নিজের হাতেই রেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিশ্রুতিমতো এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি।এর অংশ হিসেবে বিভিন্ন হাসপাতালে ঝটিকা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার দুপুরে তিনি যান দক্ষিণ কলকাতার বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের সুপারকে নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে ওই হাসপাতালের স্বাস্থ্য পরিসেবা-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।মমতা এর আগে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজি ও কলকাতার পিজি হাসপাতালে ঝটিকা সফরে যান। বাঙ্গুর হাসপাতালের অধিকর্তা শ্যামা প্রসাদ গড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তাঁকে বরখাস্ত করা হয়।মমতা গত শনিবার যান কলকাতা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু তাঁকে দেখার জন্য হাসপাতালের ফটকে প্রচণ্ড ভিড় হওয়ায় হাসপাতালে না ঢুকে ফিরে যান। তবে তিনি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের ঘোষণা দেন।