পশ্চিমবঙ্গে ১০ বাংলাদেশি কারাগারে
ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ফেরার পথে ১০ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। গঙ্গানগর মহকুমা বিচার বিভাগীয় আদালত তাঁদের ১৪ দিন জেল-হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশের দাবি, বাংলাদেশি এসব নাগরিক গত শনিবার গ্রেপ্তার হন। তাঁরা কাজের জন্য বেআইনিভাবে পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাঁদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। কারও নাম-পরিচয় জানায়নি পুলিশ।
গঙ্গারামপুর মহকুমা পুলিশের কর্মকর্তারা জানান, গত শনিবার দেশে ফেরার পথে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানা এলাকায় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা যাত্রীবাহী একটি বাসে করে শিলিগুড়ি থেকে বালুরঘাট সীমান্তের দিকে যাচ্ছিলেন। কুশমন্ডি থানা এলাকায় বাস তল্লাশি করার সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গঙ্গানগর মহকুমার বিচার বিভাগীয় আদালতে নেয় পুলিশ। তাঁদের ১৪ দিন জেল-হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।