পশ্চিমবঙ্গে ২০ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের সন্ধানে বেআইনি পথে পশ্চিমবঙ্গে এসে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছেন ২০ বাংলাদেশি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তপথে তাঁরা এসেছিলেন। তাঁদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। বিএসএফ ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে বসিরহাটের পুলিশের হাতে তুলে দেয়। তাঁরা পুলিশকে বলেছেন, কাজের জন্যই তাঁরা পশ্চিমবঙ্গে এসেছেন।

গতকাল বুধবার ওই বাংলাদেশিদের বসিরহাট আদালতে তোলা হলে আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজত দেন।

ভারতে থেকে দেশে ফেরেননি ১৭ হাজার বাংলাদেশি
বাংলাদেশি পাসপোর্ট ও ভারতীয় ভিসা নিয়ে ভারতে আসার পরও ১৭ হাজার বাংলাদেশি ২০১২ সালে আর দেশে ফিরে যাননি। তাঁরা ভারতে থেকে গেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে কলকাতার কয়েকটি গণমাধ্যম আজ বৃহস্পতিবার জানায়, ১৭ হাজার বাংলাদেশির অধিকাংশই এসেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তপথে। সরকারিভাবে তাঁদের আর কোনো খোঁজও মিলছে না।