নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে গতকাল বুধবার ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের তিন নেতাকে সতর্ক করে দিয়েছে। এই তিন নেতা হলেন তৃণমূলের নেত্রী ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সাবিত্রী মিত্র, তৃণমূলের বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল এবং সিপিএমের নেতা ও সাবেক মন্ত্রী আনিসুর রহমান।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল গুপ্ত এ কথা জানিয়েছেন বুধবার। এই তিন নেতা নির্বাচনী প্রচারে অশালীন মন্তব্য করায় অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু জবাবে সন্তুষ্ট হতে না পেরে নির্বাচন কমিশন তাঁদের সতর্ক করে দিয়েছে।
মন্ত্রী সাবিত্রী মিত্র গত ২৭ মার্চ মালদহের ইংরেজ বাজারে এক নির্বাচনী জনসভায় বলেছেন, ‘গণি খান পরিবারের যে দুজন সাংসদ রয়েছেন তাঁরা কচ্ছপের মতো হাত-পা গুটিয়ে বসে থাকেন। নির্বাচন এলেই তাঁরা হাত-পা খোলেন।’
আনিসুর রহমান ৮ মার্চ বীরভূমের রামপুরহাটে বামফ্রন্টের ডাকে আয়োজিত নির্বাচনী জনসভায় বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী রং বদলিয়ে দিচ্ছেন। লাল দেখলেই সবুজ করে দিচ্ছেন। কিন্তু সিঁদুরের রং কি সবুজ করতে পারবেন? তিনি কি আইন করে সবুজ সিঁদুর পরা বাধ্যতামূলক করবেন?’
আর গত ১২ মার্চ বর্ধমানের মঙ্গলকোটে অনুব্রত মণ্ডল বলেছিলেন, বিরোধীদের ইঁদুরের মতো গর্তে বিষ ঢেলে মারতে হবে।
প্রখ্যাত জাদুকর পিসি সরকার (জুনিয়র) বারাসাতের নির্বাচনী প্রচারে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর নির্বাচন কমিশন থেকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হলে জবাবে পিসি সরকার জানান, তিনি শুধু মানুষের মনের কথা বলেছেন। এতে নির্বাচন কমিশন সন্তুষ্ট হতে না পেরে তাঁর বিরুদ্ধে বারাসাত থানায় মামলা করার নির্দেশ দেয়। এর পরই গত মঙ্গলবার বারাসাত থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। পিসি সরকার (জুনিয়র) গতকাল বুধবার বরাসাতের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাঁকে জামিনে মুক্তি দেন।