পশ্চিমবঙ্গেও স্বল্প শিক্ষিত মন্ত্রীদের হদিস মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার পর এবার পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায়ও স্বল্প শিক্ষিত মন্ত্রীদের হদিস মিলেছে।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্যমতে, রাজ্য মন্ত্রিসভার সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা, স্বনির্ভর ও স্বনিযুক্তিমন্ত্রী শান্তিরাম মাহাতো স্কুল ফাইনাল পাস করেছেন। মাধ্যমিক পাস করা মন্ত্রীদের মধ্যে রয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সাবিত্রী মিত্র ও কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এ ছাড়া সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা উচ্চমাধ্যমিক পাস।
সম্প্রতি ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা গঠনের পর মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। এর পর থেকেই মূলত এ কেন্দ্রীয় মন্ত্রিসভার পাশাপাশি অন্য মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি সামনে আসে।
প্রসঙ্গত, মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে খাদ্যপ্রক্রিয়াকরণমন্ত্রী হরসিমরত কাউর বাদল, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অশোক গজপতি রাজু, বেসামরিক পরিবহন প্রতিমন্ত্রী জি এম সিদ্ধেশ্বর, ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত সংস্থা মন্ত্রী অনন্ত গীতে এবং খনি, ইস্পাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বিষ্ণুদেব সহায় দশম শ্রেণি পাস। নারী ও শিশুকল্যাণমন্ত্রী মেনকা গান্ধী দ্বাদশ শ্রেণি পাস। এ ছাড়া মোদির মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী স্নাতক, নয়জন স্নাতকোত্তর ও চারজন ডক্টরেট।