পশ্চিমবঙ্গের আরও সাতটি থানাকে মাওবাদী প্রভাবিত এলাকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আরও সাতটি থানাকে মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশে পশ্চিম মেদিনীপুরের সাতটি থানাকে মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।থানাগুলো হলো নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বেলিয়াতোড়, সাঁকরাইল, খড়গপুর সদর, কেশিয়ারি ও মেদিনীপুর সদর। এর আগে স্বরাষ্ট্র দপ্তর দক্ষিণবঙ্গের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের ২১টি থানা এলাকাকে মাওবাদী প্রভাবিত বলে চিহ্নিত করেছিল।জানা গেছে, মাওবাদী প্রভাবিত এলাকার সব থানার নিরাপত্তা বাড়ানোর জন্য সরকার নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। ওই সব থানার প্রাচীর উঁচু করার পাশাপাশি পুলিশকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। দেওয়া হবে বুলেটপ্রুফ জ্যাকেটও। পাশাপাশি ওই ২৮টি থানায় নিয়োজিত সব পুলিশকর্মীকে ৩০ শতাংশ ঝুঁকিভাতা দেবে সরকার। তবে পুলিশের পক্ষ থেকে অন্যান্য রাজ্যের মতো ওই ভাতা ৫০ শতাংশ করার দাবি জানানো হয়েছে।এদিকে কলকাতা ও কলকাতাসংলগ্ন ৪৮টি থানায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, মাওবাদীরা অভিযোগ জানানোর নাম করে ওই থানাগুলোতে হামলা চালাতে পারে। সে জন্য থানার সামনে ও পেছনে সিসিটিভি বসানো হচ্ছে।