পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন রমজানে, সুপ্রিম কোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচন আসন্ন রমজান মাসে অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ কে পট্টনায়ক ও বিচারপতি রঞ্জন গগৈর সমন্বয়ে গঠিত অবসরকালীন ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার কাঠামোর মূল ভিত্তি পঞ্চায়েত-ব্যবস্থা। চলতি বছর অনুষ্ঠেয় সেই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পাঁচ দফায় অনুষ্ঠানের উদ্যোগ নেয় রাজ্য নির্বাচন কমিশন। এতে আপত্তি তোলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর রাজ্য সরকার।

নির্বাচনে রাজ্যের পুলিশ বাহিনীর সহযোগিতায় প্রথমে এক দফায়, তারপর দুই দফায় ও শেষ পর্যন্ত তিন দফায় নির্বাচন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু এতে আপত্তি তোলে রাজ্য নির্বাচন কমিশন। ফলে নির্বাচন নিয়ে জটিলতা বাড়ে। এর পরই নির্বাচন কমিশন গত ২৬ জুন ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

গত ২৮ জুন সুপ্রিম কোর্টে বিচারপতি এ কে পট্টনায়ক ও বিচারপতি রঞ্জন গগৈর সমন্বয়ে গঠিত অবকাশকালীন ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানি হয়। শুনানি শেষে পঞ্চায়েত নির্বাচনের ভোট পাঁচ দফায় হবে বলে নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ।

নির্দেশনা অনুযায়ী ভোট হবে ১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই। আর এই নির্বাচন হবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে। এ জন্য কেন্দ্রীয় সরকার প্রথম ও দ্বিতীয়  দফা নির্বাচনে ১৫ হাজার, তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে ২৫ হাজার করে এবং শেষ দফার নির্বাচনে দুই হাজার নিরাপত্তা বাহিনী দেবে।

এই রায়ের পর রাজ্য সরকার ফের দাবি তোলে, রমজান মাসে ভোট হলে সংখ্যালঘু ভোটাররা সমস্যায় পড়বেন। পরে রাজ্য সরকার ওই ডিভিশন বেঞ্চে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার জন্য সোমবার আবেদন করে। আজ সেই আবেদন খারিজ করে দিয়ে ভারতের সংবিধান মেনে ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্দেশ দেন আদালত।