পশ্চিমবঙ্গের জনগণ আবারও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। রাজ্যের ৮১টি পৌরসভার নির্বাচনে ২৪টিতে জয়ী হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট জয়ী হয়েছে ১৮টিতে। এ ছাড়া কংগ্রেস সাতটি এবং অ-বামবিরোধী জোট ২৬টি পৌরসভায় জয়ী হয়েছে। অন্য ছয়টি পৌরসভায় সমানসংখ্যক ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল ও বামফ্রন্ট। গত রোববারের নির্বাচনের পর গতকাল বুধবার এই ফল ঘোষণা করা হয়।কলকাতা ও সল্টলেক পৌরসভায়ও জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ২০০৯ সালের লোকসভা নির্বাচন এবং গত রোববারের পৌর নির্বাচনে তৃণমূলের পক্ষে রায় দিল পশ্চিমবঙ্গবাসী।কলকাতা পৌরসভার ১৪১টি ওয়ার্ডের মধ্যে এবার তৃণমূল ৯৫টি ওয়ার্ডে জয়ী হয়েছে। বিপরীতে বামফ্রন্ট জিতেছে ৩৩টি ওয়ার্ডে। এ ছাড়া কংগ্রেস ১০টি ও বিজেপি তিনটি ওয়ার্ডে জয়ী হয়। তবে কলকাতা পৌরসভার বিরোধীদলীয় নেতা ও তৃণমূলের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জাভেদ খান এবং রহস্যজনকভাবে নিহত তরুণ প্রকৌশলী রিজওয়ানুর রহমানের ভাই তৃণমূলের প্রার্থী রুকবানুর রহমান হেরে গেছেন। সিপিএমের ফৈয়াজ আহমেদ, কংগ্রেসের প্রদীপ ঘোষের মতো নেতারাও পরাজিত হয়েছেন। সল্টলেক পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৬টিতে জয় পেয়েছে। বামফ্রন্ট জিতেছে নয়টিতে।গত নির্বাচনে রাজ্যের ৮১টি পৌরসভার মধ্যে ৫৫টিতেই জিতেছিল বামফ্রন্ট। এ ছাড়া কংগ্রেস ১১ ও তৃণমূল আটটি পৌরসভায় জয় পেয়েছিল। অন্য সাতটিতে কংগ্রেস-তৃণমূল জোট ও বামবিরোধী জোট ক্ষমতায় ছিল।ফল ঘোষণার সময় বিভিন্ন স্থানে তৃণমূলের সমর্থকদের উদ্যাপন ছিল দেখার মতো। তারা নেচে-গেয়ে, রং মেখে উল্লাস প্রকাশ করে।ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রতিক্রিয়ায় জানান, এই জয় ঐতিহাসিক। সবাইকে শান্ত থাকতে হবে। সংযত হতে হবে। তবে এই পরাজয়ের পর আর সিপিএমের ক্ষমতায় থাকার অধিকার নেই। ২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। মমতা আগামী ২১ জুলাই রাজ্যব্যাপী বিজয় দিবস পালনেরও ডাক দিয়েছেন।এদিকে পৌর নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের দায় নিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের আশা ছিল আমরা ১৪-১৫টি পৌরসভায় জিতব। কিন্তু তা হয়নি।’ তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনও জানান। রাজ্য কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, তৃণমূলের সঙ্গে তাঁদের ভোট-পরবর্তী সমাঝোতা হতে পারে। এদিকে সিপিএমের সাংসদ মোহাম্মদ সেলিম বলেন, ‘এই রায় পশ্চিমবঙ্গবাসীর নয়। পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টির মধ্যে মাত্র ৬৫টি আসনের ভোটারের রায়।’ তিনি তৃণমূলের উদ্দেশে প্রশ্ন করেন, ‘এই রায়েই বিধানসভা নির্বাচন এগিয়ে আনার তাড়া কেন?’এদিকে ফল ঘোষণার পর হুগলির চন্দননগরে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে বামফ্রন্ট সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়। তাদের চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।