পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের ৩৩ বছর পূর্তি আজ
পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার আজ সোমবার ২১ জুন ৩৩ বছর পূর্ণ করে ৩৪ বছরে পা দেবে। এই দিনটিকে স্মরণে রাখার জন্য এবারও বামফ্রন্ট রাজ্যব্যাপী ৩৩ বছর পূর্তি উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৭ সালের ২১ জুন সিপিএম নেতা জ্যোতি বসু বামফ্রন্ট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছ থেকে। এ উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এতে উপস্থিত থাকবেন বামফ্রন্টের নেতারাসহ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অনুষ্ঠানে বামফ্রন্টের নেতারা তুলে ধরবেন ৩৩ বছরের সাফল্যের নানা দিক এবং ভবিষ্যতের কর্মসূচি। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে বামফ্রন্ট নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে দিনটি।এদিকে এটাই বামফ্রন্টের শেষ বর্ষপূর্তি পালন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। তাঁরা মনে করছেন, ২০০৮ সাল থেকে অনুষ্ঠিত পঞ্চায়েত, লোকসভা এবং পৌরসভার নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা ধরাশায়ী হচ্ছেন, তাতে ২০১১ সালের মে মাসে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের জয়ের আশা ক্ষীণ। কাজেই এটাই তাদের শেষ বর্ষপূর্তি উৎসব ।