পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন কেশরী
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল বা গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপির কেশরী নাথ ত্রিপাঠি। গতকাল সোমবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই নিয়োগ দেন।
নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে কংগ্রেস মনোনীত রাজ্যপালদের সরিয়ে সেখানে বিজেপির প্রবীণ নেতাদের রাজ্যপাল করার উদ্যোগ নেওয়া হয়। এই কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণ পদত্যাগ করেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন কেশরী।
কেশরী পশ্চিমবঙ্গের ২৫তম রাজ্যপাল। তিনি উত্তর প্রদেশের বিধানসভার সাবেক স্পিকার, অর্থমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। ৮০ বছর বয়সী কেশরী এলাহাবাদ হাইকোর্টের একজন আইনজীবীও ছিলেন।
কল্যাণ সিংকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করার উদ্যোগ নিয়েছিল বিজেপি। কিন্তু বাবরি মসজিদ ধ্বংসে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় এই নিয়োগের বিষয়ে আপত্তি তোলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামদল। এরপরই কেশরীকে রাজ্যপাল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।