পশ্চিমবঙ্গের সীমান্ত সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের সঙ্গে তাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সীমান্তে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী গত মঙ্গলবার রাতে দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন তাঁর হাতে তুলে দেন। এর পরই পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বাংলাদেশের সীমান্ত- সংলগ্ন ভারতের সব থানাকে সতর্ক থাকার পাশাপাশি বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সঞ্জয় মিত্রও দিল্লিতে এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন।

সীমান্তে নজরদারি বাড়াতে বাংলাদেশ ও ভারতের মালদহ সীমান্তে নিয়োগ করা হয়েছে ঘোরসওয়ার বাহিনী। প্রতিটি বিএসএফ চৌকিতে পৌঁছে গেছে একজোড়া করে ঘোড়া ও একজোড়া করে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। মালদহের বাংলাদেশ-সংলগ্ন ১৭২ কিলোমিটার সীমান্তে জোরদার করা হয়েছে বিএসএফের টহল। একই সঙ্গে আগামী দু-এক দিনের মধ্যে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরসহ গোটা উত্তরবঙ্গ সীমান্তে তিন ব্যাটালিয়ন অতিরিক্ত বিএসএফ জওয়ান পাঠানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএসএফের মালদহ রেঞ্জের ডিআইজি আর এস রাঠোর জানান, ইতিমধ্যে ১২টি ঘোড়া পেয়েছে মালদহের বিএসএফ।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে কেউ যাতে বেআইনিভাবে সীমান্ত পার হতে না পারে, এ জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।