পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে দিল্লিতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল হেফাজতে থাকা বাংলাদেশের এক নারী বন্দীর মৃত্যুর পর তাঁর পরিবারকে দেওয়া আর্থিক ক্ষতিপূরণের তিন লাখ রুপি কেন দেওয়া হয়নি, তা জানতে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে ১৭ এপ্রিল দিল্লিতে তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
২০১২ সালের জুলাই মাসে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়েছিলেন ৫০ বছর বয়সী বাগফুলি বেগম। অনুপ্রবেশ আইনে তাঁকে কারাগারে আটকে রাখা হয়। পরে জেল হেফাজতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বঃপ্রণোদিত হয়ে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারকে ওই নারীর নিকট আত্মীয়কে তিন লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। সেই অর্থ এখনো প্রদান না করায় রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে ১৭ এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশনে তলব করা হয়েছে। কিন্তু ওই দিন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রথম পর্ব থাকায় সেদিন তাঁর পক্ষে দিল্লিতে উপস্থিত হওয়া সম্ভব নাও হতে পারে। বিয়য়টি উল্লেখ করে স্বরাষ্ট্রসচিব মানবাধিকার কমিশনের ডেপুটি রেজিস্ট্রারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।