পশ্চিমবঙ্গের হাসপাতালে ২৬ শিশুর মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার একটি সরকারি হাসপাতালে গত পাঁচ দিনে অন্তত ২৬টি শিশুর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ গতকাল রোববার এ কথা জানিয়েছে।শিশু মৃত্যুর এ ঘটনার পর ওই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগ উঠেছে। তবে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, যেসব শিশু মারা গেছে তারা সবাই স্বাভাবিকের চেয়ে কম ওজনের এবং তাদের কারও কারও অবস্থা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিল।পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক বিশ্বরঞ্জন শতপতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রোববার হাসপাতালটিতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত কয়দিনে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ এ। অধিকাংশ শিশুই ছিল স্বল্প ওজনের এবং তারা জন্মগতভাবে শ্বাসকষ্টে ভুগছিল।’শতপথি জানান, এসব শিশুর অনেককে বিভিন্ন জেলা এবং প্রতিবেশি রাজ্য বিহার ও ঝাড়খন্ড থেকে মালদহের হাসপাতালটিতে নিয়ে আসা হয়। হাসপাতালে ৬০টি শয্যা থাকলেও তা রোগীর চাপ সামলাতে একেবারেই অপর্যাপ্ত ছিল। তিনি আরও জানান, গত তিনমাসে এ হাসপাতালে ১৪ হাজারের বেশি শিশুকে ভর্তি করা হয়েছে। কিন্তু এত শিশুর চিকিৎসা দেওয়ার মতো অবকাঠামোগত সুবিধা এখানে নেই। প্রসঙ্গত, গত জুন মাসে কলকাতার আরেকটি সরকারি হাসপাতালে ৩৬ ঘন্টার মধ্যে কমপক্ষে ১৭টি শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্যসেবর বেহাল চিত্র ফুটে ওঠে। এএফপি।