পশ্চিমা খাবারে বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি
এশিয়ার অনেক দেশেই মুখরোচক পশ্চিমা ‘ফাস্টফুড’ বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তা এর মধ্যে স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বেশি করে এই পশ্চিমা খাবার খেয়ে বহুমূত্র বা ডায়াবেটিস বাধাচ্ছে ওই অঞ্চলের লোকজন। গত বুধবার এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলীয় গবেষকেরা। গবেষকেরা জানান, ভিয়েতনামের হো চি মিন শহরের ১১ শতাংশ পুরুষ ও ১২ শতাংশ নারী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। অথচ এ ব্যাপারে তারা জানেই না। সিডনির গারভ্যান ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের গবেষক টুয়ান এনগুয়েন জানান, সাম্প্রতিক বছরগুলোয় ভিয়েতনামিদের, বিশেষ করে শহরের বাসিন্দাদের খাদ্যাভ্যাসে নাটকীয় পরিবর্তন ঘটেছে। পশ্চিমা খাবারে আরও বেশি অভ্যস্ত হয়ে পড়েছে তারা। শহরের আনাচকানাচে ছড়িয়ে আছে ফাস্টফুডের দোকান। টুয়ান বলেন, ‘৭২১ জন পুরুষ ও এক হাজার ৪২১ জন নারীর ওপর গবেষণা চালিয়ে এই ফল পাওয়া গেছে। থাইল্যান্ডে এ ধরনের গবেষণায় প্রায় একই রকম ফল পাওয়া যায়। তিনি বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও লাওসসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোয় এই গবেষণায় একই ধরনের তথ্য পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস।’ নিয়মিত চর্বি ও চিনিবহুল খাবার খেলে এবং ব্যায়াম না করলে টাইট-২ ডায়াবেটিস হতে পারে। এতে হূদরোগ, কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। গবেষক দলের একজন লেসলি ক্যাম্পবেল বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য দুঃখজনক গল্পটি হচ্ছে, ক্ষুধা ও দারিদ্র্যের পাশাপাশি তারা পশ্চিমা ধাঁচের জীবনযাপন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সে রকম স্বাস্থ্যসেবা নেই। এএফপি।