পশ্চিমা চাপ সত্ত্বেও ইরানের সঙ্গে সম্পর্ক রাখবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে একের পর এক অবরোধ-নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের গাড়িতে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ইসরায়েল। এর পরও ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় ভারত। বরং তা জোরদার করতে চাইছে নয়াদিল্লি।সেই লক্ষ্যে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল শিগগির তেহরান সফরে যাচ্ছে। আশা করা হচ্ছে, দলটি চলতি মাসের শেষের দিকে তেহরানে যাবে। তারা ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরানি তেলের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সম্প্রতি ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তির আওতায় ইরান থেকে আমদানি করা অপরিশোধিত তেলের মূল্যের ৪৫ শতাংশ ভারতীয় রুপিতে পরিশোধ করে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। ইরানের তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক ভারত। নয়াদিল্লি এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের মতো ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তারা স্বাধীন।শুধু তেল নিয়ে নয়, ইরানের একটি বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্যও সেখানে বিনিয়োগ করছে ভারত।নয়াদিল্লিতে গত সোমবার ইসরায়েলি দূতবাসের গাড়িতে বোমা হামলার পেছনে ইরানের হাত আছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। এতে কিছুটা অস্বস্তিতে পড়েছে ভারত। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। তারপর বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। এতে ভারত পশ্চিমাদের দিক থেকে নতুন করে চাপের মুখে পড়েছে।কিন্তু ভারত বলেছে, গত সোমবারের ওই হামলার সঙ্গে কোনো দেশকে জড়ানোর মতো প্রমাণ নেই। স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেছেন, ‘ওই ঘটনার সঙ্গে কোনো দেশকে জড়ানো এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আমরা এখনো জানি না যে কারা এ কাজ করেছে। তদন্ত শেষ হওয়ার পরই কেবল তা বলা যাবে।’ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ললিত মান সিং বলেন, ‘ইরানের পদক্ষেপ তাদের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে ভারতের ওপর চাপ সৃষ্টি করবে। কিন্তু এ ক্ষেত্রে আমাদের একটি গ্রহণযোগ্য অবস্থান আছে এবং তা অব্যাহত রাখতে হবে।’