পশ্চিমা চাপের মধ্যে ইরানে ন্যাম সম্মেলন শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে আজ রোববার শুরু হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ষোড়শ শীর্ষ সম্মেলন। ছয় দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।ইরানের ওপর আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘ মহাসচিবের এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের পেছনে সামরিক উদ্দেশ্য রয়েছে বলে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানকে বিচ্ছিন্ন করে রাখার আন্তর্জাতিক চেষ্টা অব্যাহত রয়েছে। চলতি সম্মেলনের মধ্য দিয়ে ইরান আগামী তিন বছরের জন্য ন্যামের সভাপতির দায়িত্ব নেবে। এই পদে থেকে ইরান ‘ন্যায়বিচার লাভের’ দাবি তুলে ধরতে সমর্থ হবে বলে ধারণা করা হচ্ছে।ন্যাম সম্মেলনে যোগদান থেকে বিরত থাকার জন্য সদস্য দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করেছে ইসরায়েল। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিশেষ আমন্ত্রণে চলতি ন্যাম সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। সম্মেলনের মুখপাত্র মোহাম্মদ রেজা ফোরকানি বলেন, ৩১টি দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন।ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) একাধিকবার সতর্ক করলেও উপেক্ষা করেছে তেহরান। এ ছাড়া জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ অর্থনৈতিক অবরোধ আরোপ করলেও ইরান নিজ অবস্থান থেকে সরে আসেনি। এদিকে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর কয়েক দফা সংলাপ ব্যর্থ হওয়া সত্ত্বেও জাতিসংঘ মনে করে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের বর্তমান সংকটের কূটনৈতিক সমাধান সম্ভব।ন্যামের সদস্য ১২০টি দেশ ও ২১টি পর্যবেক্ষক দেশ রয়েছে। এই আন্তর্জাতিক সংস্থাটির সদস্য দেশগুলো নিজেদের কোনো বড় জোট বা মেরুর অন্তর্ভুক্ত বলে মনে করে না। সম্মেলনে সাধারণ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়সহ সদস্য দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ন্যামের মূল লক্ষ্য হলো জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সীমানাসংক্রান্ত ঐক্য এবং জোট নিরপেক্ষ দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ১৯৭৯ সালে হাভানা ঘোষণার মাধ্যমে এ লক্ষ্য স্থির করা হয়। প্রতি তিন বছর পর পর ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ফক্স নিউজ।