পশ্চিমা দুই যোদ্ধার মরদেহের ছবি প্রকাশ করেছে তালেবান
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুজন মৃত যোদ্ধার ছবিসংবলিত একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে পাকিস্তানি তালেবান। এতে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের ছবিও প্রকাশ করে তাঁর প্রশংসা করা হয়েছে।মার্কিন পরীক্ষণ প্রতিষ্ঠান এসআইটিই জানায়, ১২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওচিত্রটি জিহাদি ওয়েবসাইটগুলোতে ৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেছে পাকিস্তানি তেহরিক-ই-তালেবানের (টিটিপি) গণমাধ্যম শাখা উমর স্টুডিও।ভিডিওচিত্রের দেওয়া ভাষ্য অনুযায়ী, মার্কিন যোদ্ধার নাম ইনাম আর যুক্তরাজ্যের আব্বাস। ওমর আল-ব্রিতানি নামের একজন ইংরেজি ভাষায় তাঁদের পরিচয় তুলে ধরেন। তবে কখন, কোথায় দুজনকে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি। ভিডিওচিত্রে আব্বাসের ছবিতে দেখা গেছে, তাঁর মাথায় কালো পাগড়ি, মুখে রয়েছে পাতলা দাড়ি। আর ইনামের মুখে লেগে আছে সামান্য হাসি।কোরআন তিলোয়াতের মাধ্যমে ভিডিওচিত্রটি শুরু হয়। পরে নিহত দুই যোদ্ধার ছবি প্রকাশ করা হয়। বিন লাদেনের ছবিও প্রকাশ করা হয়। এ সময় টিটিপি নেতা হাকিমুল্লাহ মেহসুদ বলেন, ‘তিনি (বিন লাদেন) পৃথিবীতে অনেক কষ্ট করেছেন। কিন্তু আল্লাহর কৃপায় তিনি শহীদ হয়েছেন।’ এএফপি।