পশ্চিমা সহায়তা চায় ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার ‘আগ্রাসন’ থেকে বাঁচতে পশ্চিমা সহায়তা চেয়েছে ইউক্রেন। এরই অংশ হিসেবে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনুক কাল বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার অধিকার ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার আছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বক্তব্য দেওয়ার পর ইউক্রেন পশ্চিমা সহায়তা চাইল। অবশ্য পুতিন এও বলেন, তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যও প্রস্তুত আছেন।
ইউক্রেনের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি দেসচিৎসা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
দেসচিৎসা বলেন, ‘এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই সফরে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ক্রিমিয়া পরিস্থিতি নিয়েও যৌথভাবে কাজ করে একটি সমাধানের পথ বের হয়ে আসবে।’
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ক্রিমিয়ায় চলমান সামরিক হস্তক্ষেপের সময় প্রধানমন্ত্রী ইয়াৎসেনুকের ওয়াশিংটন সফর ইউক্রেনের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিকেই তুলে ধরে। এতে বলা হয়, ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী ইয়াৎসেনুকের বৈঠককালে ইউক্রেনের প্রতি মার্কিন অর্থনৈতিক সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা হবে। এএফপি।