পশ্চিমা স্বার্থে আফগানিস্তানে যুদ্ধ চাপানো হয়
যুক্তরাষ্ট্রের প্রতি ‘চরম ক্ষোভ’ প্রকাশ করে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ‘একটা যুদ্ধে বহু আফগান নিহত হয়েছেন। অথচ আমাদের নয়, পশ্চিমা স্বার্থে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল।’
গত রোববার ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেন কারজাই। এক মাস পর কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনে আফগানিস্তানে নির্বাচন হচ্ছে।
সাক্ষাৎকারে কারজাই বলেন, তাঁর দেশের স্বার্থ মাথায় রেখে মার্কিন বাহিনী যুদ্ধ করেনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছিল ওয়াশিংটন। এক যুগ ধরে চলা এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের স্বার্থসিদ্ধি করেছে।
চলতি বছর মার্কিন সেনা প্রত্যাহারের পর কিছু সেনা আফগানিস্তানে থাকার বিষয়ে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষরে রাজি হননি কারজাই। এ ঘটনায় হোয়াইট হাউস ক্ষোভ প্রকাশ করেছে। এএফপি।