পশ্চিমাদের ফের সমালোচনা করলেন হামিদ কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অভিযোগ করেছেন, তাঁর দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এই অনধিকার চর্চা বন্ধ না করলে পশ্চিমাদের প্রতিরোধে তালেবানের আন্দোলন বৈধতা পাবে। বাধ্য হয়ে তিনি তালেবানের সঙ্গে যোগও দিতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে অঙ্গীকারের ২৪ ঘণ্টার মধ্যেই এ মন্তব্য করলেন আফগান প্রেসিডেন্ট কারজাই। আর তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পশ্চিমাদের কঠোর সমালোচনা করলেন তিনি। ৬০-৭০ জন আফগান আইনপ্রণেতাকে নিয়ে ব্যক্তিগত বৈঠকে প্রেসিডেন্ট কারজাই এসব কথা বলেন। ওই বৈঠকে উপস্থিত দুজনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে কারজাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নিতে আইনপ্রণেতাদের সমর্থন চান। জাতিসংঘের কাছ থেকে নির্বাচন পর্যবেক্ষণের নিয়ন্ত্রণ নিতে তাঁকে (কারজাই) সমর্থন না দিলে তিনি নিজেও বাধ্য হয়ে তালেবানের সঙ্গে যোগ দিতে পারেন বলে উল্লেখ করেন। আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে আইনপ্রণেতাদের তিরস্কার করেন প্রেসিডেন্ট কারজাই। কয়েক দিন আগে দেশটির ইলেকটোরাল কমপ্লেইন্টস কমিশনের নিয়ন্ত্রণ নিতে চাইলে তাঁরা এর বিরোধিতা করেন। আইনপ্রণেতাদের সমালোচনা করে তিনি বলেন, আফগানিস্তানে পুতুল সরকার বসাতে পশ্চিমারা তাঁদের (আইনপ্রণেতা) ব্যবহার করছে। তবে প্রেসিডেন্টের মুখপাত্র ওয়াহেদ ওমর বলেন, কারজাই তালেবানের সঙ্গে যোগ দেওয়ার কথা বলেননি। পশ্চিমাদের সমালোচনাও করেননি তিনি। আইনপ্রণেতাদের সঙ্গে নয়া নির্বাচনী আইন নিয়ে আলোচনা করেছেন। ইলেকটোরাল কমপ্লেইন্টস কমিশনের ব্যাপারে আইনপ্রণেতাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট কারজাই।এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটির নির্বাচন কমিশনের পাঁচ সদস্য নিয়োগ দেওয়ার ক্ষমতা নিজের হাতে নিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেন প্রেসিডেন্ট কারজাই। কিন্তু পার্লামেন্টের নিম্নকক্ষ তা প্রত্যাখ্যান করে। বর্তমান আইনে তিনজন বিদেশি সদস্য ও দুজন আফগানকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। জাতিসংঘ বিদেশি তিন সদস্যের মনোনয়ন দেয়। অপর দুজনকে মনোনয়ন দেয় আফগানিস্তানের সুপ্রিম কোর্ট ও আফগান হিউম্যান রাইটস কমিশন। টাইমস অব ইন্ডিয়া।