পশ্চিমাদের সঙ্গে নিয়ে গুপ্তচরবৃত্তি করে এনএসএ: স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নজরদারির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন অভিযোগ করেছেন, জার্মানিসহ পশ্চিমা দেশগুলো মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সঙ্গে যৌথভাবে গুপ্তচরবৃত্তি করে। এ ক্ষেত্রে তারা মধ্যপ্রাচ্যের মতো বিভিন্ন অঞ্চল বেছে নেয়। জার্মান সংবাদ সাময়িকী ডের স্পিগেল-এর অনলাইন সংস্করণে গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এদিকে ভেনেজুয়েলা জানিয়েছে, স্নোডেনের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ হয়নি। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তাঁর দেশে আশ্রয় নিতে স্নোডেনকে প্রস্তাব দেবেন বলে ঘোষণা দেন। ভেনেজুয়েলা ছাড়াও বলিভিয়া ও নিকারাগুয়া স্নোডেনকে আশ্রয় দেওয়ার আগ্রহ প্রকাশ করে। ডের স্পিগেল-এর প্রতিবেদনে জানানো হয়, আগামী সংস্করণে স্নোডেনের সাক্ষাৎকার প্রকাশ করা হবে। প্রতিবেদনে বলা হয়, নজরদারির খবর প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচিত হওয়ার আগে জ্যাকব অ্যাপেলবাম ও প্রামাণ্যচিত্র নির্মাতা লরা পয়ট্রাস স্নোডেনের এই সাক্ষাৎকার নেন। স্নোডেন বলেন, জার্মানির পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থা বিএনডি ও এনএসএ পরস্পরকে সহযোগিতা করে। এএফপি।