পশ্চিমারা সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: চীন
সিরিয়ার নৌঘাঁটিতে ইরানের দুটি যুদ্ধজাহাজ নোঙর করার পর সিরিয়া-সংকট নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ আরও বাড়ছে। পশ্চিমা দেশগুলো সিরিয়ার পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে চীন।গতকাল সোমবার চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির এক নিবন্ধে বলা হয়, ‘পশ্চিমা দেশগুলো সিরিয়ার বিদ্রোহীদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন অব্যাহত রাখলে বড় ধরনের গৃহযুদ্ধ বেধে যাবে। আর তখন বাইরের দেশগুলোর সামরিক হস্তক্ষেপ এড়ানোর কোনো পথ থাকবে না।’চীনের একজন প্রতিনিধি গত শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বাশারের গণভোট পরিকল্পনার প্রতি সমর্থন জানান।নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে আগামী রোববার গণভোটের পরিকল্পনা করছেন আসাদ। নতুন সংবিধানের আওতায় ৯০ দিনের মধ্যে বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।তবে সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারী ও পশ্চিমারা আসাদের এই গণভোটের পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে উল্লেখ করেছে। তারা বলছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব।বিক্ষোভকারীরা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় হামা শহরে সেনাবাহিনী ও পুলিশ রাস্তাঘাটে যান ও মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে। এক এলাকার মানুষ অন্য এলাকায় যাতায়াত করতে পারছে না।বিরোধীদের এক বিবৃতিতে বলা হয়, ‘হামা শহরকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। শহরের ফোন লাইন কেটে দেওয়া হয়েছে, মুঠোফোনের নেটওয়ার্ক কাজ করছে না। প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে আটক করা হচ্ছে।’গত সপ্তাহে হামা শহরে বড় ধরনের অভিযানের পর সরকারি বাহিনী শহরটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে। এ ছাড়া হামার দক্ষিণে হোমসেও সরকারি বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। সেখানকার বাবা আমরোয় গতকাল সেনাবাহিনী গোলাবর্ষণ করে। ডেরা শহরেও অভিযান জোরদার এবং মানুষকে গণহারে আটক করা হচ্ছে।মানবাধিকার সংগঠনগুলো বলছে, সিরিয়ায় প্রায় এক বছর ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। অন্য দিকে সরকার বলছে, বিদেশি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর প্রায় দুই হাজার সদস্য নিহত হয়েছেন।সিরিয়ার এই সংকট নিয়ে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে আসাদ সরকারের মিত্র রাশিয়া, চীন ও ইরান।এ অবস্থায় ইরানের দুটি যুদ্ধজাহাজ গত শনিবার সিরিয়ার তার্তাউস বন্দরে ভিড়েছে। যদিও ইরানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে বলা হয়েছে, প্রায় এক বছর আগের একটি চুক্তির আওতায় সিরিয়ার নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতেই জাহাজা দুটি সিরিয়ায় পাঠানো হয়েছে। কিন্তু এর পরও সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে সেখানে ইরানি যুদ্ধজাহাজের উপস্থিতি আন্তর্জাতিক মহলের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। রয়টার্স।