পা-হারা ব্রিটিশ সেনাদের আটলান্টিক অভিযাত্রা
ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট উইল ডিক্সন। আফগানিস্তানে যুদ্ধে গিয়ে এক পা হারিয়েছেন তিনি। এখন চলেন কৃত্রিম পা দিয়ে। কিন্তু সেই কৃত্রিম পা খুলে রেখেই আটলান্টিক পাড়ি দিতে বের হচ্ছেন তিনি।নৌকা নিয়ে আজ রোববার ডিক্সন বের হচ্ছেন আটলান্টিক পাড়ি দিতে। তাঁর সঙ্গে আছেন আরও তিন যুদ্ধাহত সেনা। ক্যানারি দ্বীপ থেকে শুরু হচ্ছে এই নৌযাত্রা, শেষ হবে ক্যারাবিয়ান দ্বীপ বার্বাডোজে। আটলান্টিক পাড়ি দিতে সময় লাগতে পারে দুই মাসের বেশি।ডিক্সন বলেন, ‘আমার নিজের এবং অন্যদের জন্য এটা প্রমাণের নিশ্চয় গুরুত্ব আছে যে, পঙ্গুত্বের মধ্যেও জীবন আছে এবং সে জীবন যে খুব সাধারণ জীবন তা নয়, সে জীবনও চমৎকার।’ ডিক্সনের টি-শার্টে লেখা ‘রোটুরিকভারি’। এটাই তাঁর নৌ-অভিযাত্রার নাম। ২০০৯ সালে আফগানিস্তানে বোমা হামলায় বাঁ পা হারান ডিক্সন।এই আটলান্টিক যাত্রায় ভয় আছে, আছে বিপদের আশঙ্কাও। কিন্তু এ নিয়ে শঙ্কিত নন ডিক্সন। তিনি বলেন, ‘ভয়ানক বিপদও যদি আসে আমি এক পা নিয়েই নৌকা চালাব।’তবে ডিক্সনের মতো এতটা নিঃশঙ্ক থাকতে পারছেন না আরেক অভিযাত্রী কর্পোরাল নিল হেরিটেজ। তাঁর যে দুই পা-ই নেই ঊরুর নিচ থেকে। ২০০৪ সালে ইরাকে এক আত্মঘাতী হামলায় আহত হন তিনি। এরপর তাঁর দুই পা কেটে ফেলতে হয়। এই অভিযাত্রায় নিল তাঁর ইলেকট্রনিক কৃত্রিম পা দুটি সঙ্গে নিচ্ছেন না। আরেক অভিযাত্রী রকি ম্যাকেঞ্জিরও একটি পা নেই। কিন্তু তারপরও তিনি আশাবাদী যে, এই নৌঅভিযাত্রা তাঁরা সফলভাবে শেষ করতে পারবেন। এএফপি।