পাঁচ দফায় সন্ত্রাসের মোট বলি ৩৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সন্ত্রাস, বোমাবাজি, বুথ দখল ও জাল ভোটের মতো বিভিন্ন সহিংসতা ও অনিয়মের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। গতকাল পঞ্চম ও শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়।গতকাল ভোট গ্রহণ হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার—এ চার জেলায়। জেলাগুলোতে গ্রাম পঞ্চায়েতের ছয় হাজার ৯৬৩টি, পঞ্চায়েত সমিতির এক হাজার ২৬৫টি এবং জেলা পরিষদের ১১৪টি আসনের ভোট নেওয়া হয়। ২৯ জুলাই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।পাঁচ দফায় অনুষ্ঠিত এই পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ, বোমা হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণ ও অন্যান্য কারণে ৩৪ জন নিহত হয়েছেন।গতকাল শেষ দফার দিন উত্তর দিনাজপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষে সিপিএমের একজন সমর্থক নিহত হয়েছেন। এ ছাড়া জলপাইগুড়িতে এক অসুস্থ বৃদ্ধ ভোটারকে জোর করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান।সর্বশেষ হিসাবে জানা গেছে, এই ভোটযুদ্ধে মুর্শিদাবাদে ১৫, দক্ষিণ ২৪ পরগনায় পাঁচ, বর্ধমানে তিন, বীরভূমে চার, উত্তর ২৪ পরগনায় দুই, নদীয়ায় এক, মালদায় এক, কোচবিহারে এক, উত্তর দিনাজপুরে এক ও জলপাইগুড়িতে একজন মারা গেছেন। শেষ দফার নির্বাচনেও আগের চার দফা নির্বাচনের মতো সরকারি দলের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, কেন্দ্রে বিরোধীদলীয় সমর্থক ভোটারদের আসতে বাধা দেওয়া, বিরোধীদলীয় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগ করা হয়। কেন্দ্রীয় সরকার ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধানের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠালেও রাজ্য সরকার সব ভোটকেন্দ্রে তাদের নিয়োগ করেনি বলে বিরোধী দল অভিযোগ করেছে।