পাঁচ বছরের তারকা সুরি
ক্যালিফোনিয়ার ধনী শহর বেভারলি হিলসের একটি সাজানো-গোছানো বাগান। সেখানে এক রোদেলা দিনে জাঁকালোভাবে জন্মদিন উদ্যাপন করা হচ্ছে পাঁচ বছর বয়সী এক শিশুর। অতিথিদের আগমনে সরব হয়ে ওঠে বাগান। সুন্দর ও দামি গোলাপি পোশাক পরে শিশুটি বসে আছে টেবিলের মাথায়। চোখে প্রিয় রোদচশমা।উৎসবঘন ওই পরিবেশে তখনো চোখে পড়ার মতো কিছু ছিল না। কিন্তু যেই না শিশুটি হাতের মোড়ক খুলে একটা পুতুল বের করল, অমনি অতিথিদের মধ্যে সাড়া পড়ে গেল। পটাপট আকাশ থেকে ছবি তুলতে লাগলেন হেলিকপ্টারে চক্কর মারতে থাকা আলোকচিত্রীরা। তখন বোঝা গেল, শিশুটি অন্যসব শিশুর মতো সাধারণ নয়।যার কথা বলা হচ্ছে, সে স্বনামখ্যাত হলিউড-তারকা টম ক্রুজ ও কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ। কিন্তু নামীদামি তারকার ঘরে জন্ম বলে নয়, সুরি তার নিজের মহিমায় শিশুতারকা বনে গেছে। বলা হয়ে থাকে, সুরির যত ছবি তোলা হয়েছে, বিশ্বে তার মতো আর কোনো শিশুর এত ছবি তোলা হয়নি। এই বয়সেই খুব ফ্যাশন-সচেতন সুরি। তার মনমেজাজ ও রুচির দাম দিয়ে থাকেন তারকা মা-বাবা। গায়ের উজ্জ্বল রং, ভিন্ন ধাঁচের বাদামি চুল, সবুজ চোখ এসব তার মিষ্টি চেহারায় অন্য রকম বিশেষত্ব এনে দিয়েছে। এর সঙ্গে চলাফেরা ও রুচিতে ব্যতিক্রমী বৈশিষ্ট্য যোগ হয়ে তাকে আরও অনন্য করে তুলেছে। বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক ও জুতা পরে সে। সে নিজেই এগুলো পছন্দ করে। এতে একেকটি পোশাকের দাম পড়ে প্রায় দুই হাজার ডলার। সুরির জন্য বিশেষভাবে তৈরি এক জোড়া হিল জুতার দাম প্রায় ৮৫০ ডলার। একদম হাঁটি হাঁটি পা পা বয়স থেকেই নাকি কেনাকাটার প্রতি বেজায় ঝোঁক সুরির। মা-বাবাও তাকে এটা-সেটা কিনে দিয়ে খুব খুশি। সুরির ওয়ারড্রোবে নাকি প্রায় ২৫ লাখ ডলারের পোশাক রয়েছে। বছর দুয়েক ধরে সুরি নিয়মিত সাজসজ্জা করে। দিনে তার পছন্দ গোলাপি লিপস্টিক, রাতে পছন্দ লাল। বই ও প্রিয় খেলনাগুলোর জন্য বিশেষ নকশায় নির্মিত ব্যাগ রয়েছে। আজকাল প্রায়ই সে যে প্রিয় হ্যান্ডব্যাগটি বয়ে বেড়ায়, তার দাম প্রায় ১৬ হাজার ডলার। ডেইলি মেইল অনলাইন।