ভারতে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ শেষে একটি ঘরে দুই দিন আটকে ধর্ষণ ও নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। দেশটিতে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার এটিই সাম্প্রতিকতম ঘটনা। এ ঘটনায় গতকাল শুক্রবার দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়।পুলিশ জানায়, রাজধানী নয়াদিল্লির নিম্ন-মধ্যবিত্ত শ্রেণী অধ্যুষিত একটি এলাকায় গত সোমবার নিজ বাসার বাইরে শিশুটি খেলছিল। এ সময় তাকে অপহরণ করে একটি ঘরে দুই দিন তালাবদ্ধ করে রাখা হয়। ওই ঘরে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। রজন ভগত নামের একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা একটি অপহরণ মামলা নথিভুক্ত করেছি। আমরা এখন শিশুটিকে ধর্ষণ ও তাকে হত্যার চেষ্টার ওপর প্রাথমিক তদন্ত শুরু করেছি।’ শিশুটির প্রতিবেশী ও প্রধান সন্দেহভাজন একটি পরিবারের সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।অপহরণের দুই দিন পর বুধবার ওই শিশুকে উদ্ধার করে দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের তত্ত্বাবধায়ক আর এন বনসল এনডিটিভিকে বলেন, শিশুটিকে গুরুতর জখম অবস্থায় আমাদের কাছে আনা হয়। তার দেহের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত ছিল। চিকিৎসকেরা বলেন, নির্যাতন চালিয়ে শিশুটিকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে।পুলিশ জানায়, তালাবদ্ধ ওই ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটির কান্নার শব্দ শুনে একজন পথচারী পুলিশে খবর দেন। পরে তাকে উদ্ধার করা হয়। শিশুটির অভিভাবকেরা অভিযোগ করেছেন, ধর্ষণের এই ঘটনায় পুলিশ দায়সারা তদন্ত করছে।এদিকে ওই ঘটনায় দিল্লিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল হাসপাতালের বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়। তারা পুলিশ ও দোষীদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং এই নিষ্ঠুরতার বিচার দাবি করে। দেশটির নারী অধিকার কর্মীরাও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। গত বছর দিল্লিতে একটি চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই ঘটনায় দেশটিতে নারী ও কন্যাশিশুদের মর্যাদা এবং তাদের নিরাপত্তা নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের রেশ না কাটতেই আবারও এ ধরনের ঘটনা ঘটল। এএফপি।